নিলামে তোলা হবে ম্যাক্সওয়েলের ছক্কায় ভাঙা চেয়ার

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৬:০৬ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে দারুণ এক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ঝোড়ো ইনিংস খেলার পথে তার হাঁকানো এক ছক্কায় ভেঙে যায় গ্যালারির চেয়ার। সেই চেয়ারটি নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার ওয়েলিংটনে কিউইদের ৬৪ রানে হারায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৩১ বলে ৭০ রানের ইনিংস খেলেন।

ইনিংসের ১৭তম ওভারে জিমি নিশামের ওপর তাণ্ডব চালান ম্যাক্সওয়েল। দুই ছক্কা ও চার বাউন্ডারিতে তোলেন ২৮ রান। শেষমেশ ৮টি চার এবং ৫টি ছক্কায় সাজানো ছিল ম্যাক্সওয়েলের ইনিংস।

নিশামের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের সেই অগ্নিমূর্তি ধারণ করা ওভারের প্রথম বলে তার হাঁকানো ছয়ের বলটি সরাসরি আঘাত হানে গ্যালারির একটি চেয়ারে। ফলে চেয়ারটি ভেঙে যায়। সেই চেয়ারটিকেই নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাক্সওয়েলের ইনিংসের সঙ্গে অ্যারন ফিঞ্চের ৪৪ বলে ৬৯ রানে ভর করে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২০৮ রানের পুঁজি গড়ে। জবাবে ১৪৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। অ্যাস্টন অ্যাগার ৩০ রান খরচায় নেন ৬ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত