মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০৩:৩৭ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর (৬৭) উপর হামলার প্রতিবাদে তাড়াশের মুক্তিযোদ্ধারা শনিবার দুপুরে তাড়াশ প্রেস ক্লাব চত্বরে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন,তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৩(তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দিঘীসগুনা গ্রামের মসজিদ ও কবরস্থানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় গত ২৮ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামের একদল চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

সেই থেকে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

পরে তারা এ ঘটনার সুবিচার দাবি করে তাড়াশ উপজেলা নির্বাহী (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত