বিশ্বকাপ বাছাই পর্বের মার্চের দুটি রাউন্ড স্থগিত করে দিয়েছে লাতিন আমেরিকান অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল । করোনাভাইরাস পরিস্থিতিতে ইউরোপের ক্লাবগুলো দলের প্রধান খেলোয়াড়দের ছাড়তে না চাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
কনমেবলের বিবৃতি উদ্ধৃত করে ইএসপিএন ফুটবল জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বে মার্চের পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের ম্যাচগুলো আপাতত হচ্ছে না। পরিবর্তিত সূচি পরে জানিয়ে দেয়া হবে।
কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইয়ে মার্চের ২৫, ২৬, ৩০ ও ৩১ তারিখে লাতিন অঞ্চলের দলগুলোর খেলা ছিল। যার একটি ম্যাচ ছিল সুপারক্ল্যাসিকো, তথা ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই।
৩১ মার্চ মাঠে গড়ানোর সূচি ছিল নেইমার-মেসিদের খেলা। আলবিসেলেস্তেদের সঙ্গে সুয়ারেজের উরুগুয়ের লড়াই ছিল, সেলেসাওদের সঙ্গেও ম্যাচ ছিল উরুগুয়ের। আপাতত সব স্থগিত।
লাতিন অঞ্চলের বাছাই টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে আর্জেন্টিনা। তারপর যথাক্রমে ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ের অবস্থান।
