মোহামেডানকে হারিয়ে প্রথম পর্ব শেষ করল শেখ জামাল

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৭:০৪ পিএম

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-০ গোলে জয় তুলে নেয় শেখ জামাল। তাতে প্রথম পর্ব শেষ করল তারা টেবিলের দ্বিতীয় স্থানে থেকে।

আগের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ড্র করে শেখ জামাল। এদিন জয়ে ফেরার সুবাদে ১২ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে দলটি।

সমান ম্যাচে ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে কিংসরা।

এদিকে সমান ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় স্থানে নেমে গেছে আবাহনী লিমিটেড। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান।

এদিন শফিকুল ইসলাম মানিকের শেখ জামাল এগিয়ে যায় ২৫ মিনিটে। ওমর জোবের এসিস্ট থেকে গোল করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ভালিজনভ ওতাবেক। ৮৩তম মিনিটে দলটি আদায় করে দ্বিতীয় গোল। এবার গোলদাতা সলোমন কিং।

গোল মিসের মহড়ায় মোহামেডান পারেনি ম্যাচে ফিরতে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত