‘অসত্য তথ্য’ দেওয়া এবং কারাগারে চিকিৎসক নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ অমান্য করায় স্বাস্থ্য অধিদপ্তর ও কারা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) উদ্দেশে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন রেজিস্ট্রি ডাকযোগে দুজনের উদ্দেশে নোটিসটি পাঠান।
নোটিসের বরাতে আইনজীবী রবিন জানান, দেশের ৬৮টি কারাগারে ৪০ হাজার ৬৬৪ কারাবন্দি ধারণক্ষমতা থাকলেও ২ থেকে ৩ গুণ বেশি বন্দি অবস্থান করেন। অন্যদিকে, কারাগারে ১৪১টি পদের বিপরীতে চিকিৎসক মাত্র ৯ জন। বন্দিদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জনস্বার্থে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৩ জুন হাইকোর্টের একটি বেঞ্চ কারাবন্দিদের অবস্থান ও তাদের চিকিৎসা নিশ্চিতের ব্যর্থতা নিয়ে রুল জারি করে। একই সঙ্গে সার্বিক বিষয়ে আাদালতকে অবহিত করার নির্দেশ প্রদান করে। এরপর কারা কর্র্তৃপক্ষ বিভিন্ন তারিখে হলফনামার মাধ্যমে দেশের সব কারাগারে ২৪ জন চিকিৎসক থাকা এবং ১১৭টি পদ খালি থাকার বিষয়টি আদালতকে অবহিত করে। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২০ জানুয়ারি হাইকোর্ট অনতিবিলম্বে শূন্য পদে ১১৭ জন চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে নির্দেশ দেয়। গত ১৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষ হলফনামার মাধ্যমে আদালতকে জানায়, ১৪১ পদের বিপরীতে ১২২ জন চিকিৎসক দেশের বিভিন্ন কারাগারে নিয়োজিত আছেন।
