খাগড়াছড়িতে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
এ সময় তিনি বলেন, দেশের মাটিতে কোনো অবস্থায় উগ্র-সন্ত্রাস-জঙ্গিবাদ ঠাঁই পাবে না। ধর্মীয় নেতারা এগিয়ে আসলে জঙ্গিবাদ দমনে ইতিবাচক সুফল পাওয়া যাবে।
ধর্মীয় গুরুদের সম্প্রীতি বজায় রাখার বিষয়ে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র দেশে শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব বিষয়ে সজাগ থাকতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উগ্র মৌলবাদ প্রতিহত করতে হবে। এবং উপস্থিত সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও সচেতন থাকার জন্য আহ্বানও জানান তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল, তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরু, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
