নড়াইলে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে শিক্ষক বাবার বিরুদ্ধে মায়ের ওপর অমানবিক নির্যাতনের কাহিনি শোনাল কলেজ পড়ুয়া মেয়ে শাহ্জাদী মারিয়াম বিনতে শাহান।
সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নির্যাতনের বর্ণনা দিয়ে তাদের ভরণপোষণ ও নিরাপত্তার দাবি জানান মারিয়াম।
শাহ্জাদী মারিয়ামের বাবা শাহান সরদার সদর উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। মা ফারজানা বেগম গৃহিণী। তাদের বাড়ি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে।
সভায় শাহজাদী মারিয়াম বিনতে শাহান অভিযোগে বলেন, শনিবার রাতে বাবা শাহান শাহ তার তৃতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন এবং ঘরে তুলতে চান। এ সময় মা এবং আমরা দু’বোন বাধা দেওয়ায় বাবা, তার তৃতীয় স্ত্রী মারিয়া ও আমার দাদু সবদার সরদার মিলে আমার মা আট মাসের অন্তঃসত্ত্বা ফারজানাকে কিলঘুষি, লাথি ও মারপিট করতে থাকে। এ সময় আমার দু’বোন ঠেকাতে গেলে আমাদেরও কিল-ঘুষি মারা হয়। মা এ সময় অচেতন হয়ে যান এবং ব্লিডিং হয়। আমার মাকে রাতে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে আমার মা আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, এ ঘটনার পর আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন আমার বাবা। আমরা এখন কোথায় উঠব, আমাদের ভরণ-পোষণ কীভাবে চলবে তা ভেবে পাচ্ছি না। তা ছাড়া নানাভাবে আমাদের হুমকি-ধমকি দিচ্ছেন। আমরা ভয়ে মামলা করতে পারিনি। আমরা এখন নিরাপত্তা চাই।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবসের আলোচনা সভায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারটিকে নিরাপত্তার আশ্বাস দেন।
জানা গেছে চারিখাদা গ্রামের সবদার সরদারের ছেলে মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক শাহান শাহ সরদারের সঙ্গে ২১ বছর আগে ঢাকার সূত্রাপুর এলাকার আব্দুল কাদিরের মেয়ে ফারজানার বিয়ে হয়। তাদের ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে শাহজাদী মারিয়া এইচএসসি, মেজ মেয়ে শাহ আফরিন নবম শ্রেণি এবং ছোট মেয়ে ফাতেমা তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।
