মোদির ঢাকা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলন করবে বিএনপি

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০১:৪৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে সামনে রেখে দলের অবস্থান ও প্রত্যাশার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি। গতকাল সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা হয়। এরপর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকরের ঢাকা সফরকালীন প্রদত্ত বক্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি’র অবস্থান গণমাধ্যমে জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে বলা হয়, সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সভাকে অবহিত করেন এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে আলোচনা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান যে, পরিবারের পক্ষ থেকে চেয়ারপারসনের সাজা স্থগিত করার মেয়াদ বৃদ্ধি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বৈঠকের আগ পর্যন্ত তার কোনো জবাব পাওয়া যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি এই আইন গণতন্ত্রবিরোধী এবং মানবতাবিরোধী হওয়ায় বাতিলের দাবিতে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে পরে কর্মসূচি গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সাম্প্রতিককালে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও  বেআইনিভাবে সরকারের হস্তক্ষেপ চরমভাবে এই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করায় আসন্ন অবশিষ্ট পৌরসভা ও উপজেলা নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত