দেশের সব কওমি মাদ্রাসায় হাটহাজারী মাদ্রাসার সিদ্ধান্ত মেনে খতমে বুখারি অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। অথচ রাজধানীর বারিধারায় জামিয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসায় কাল বৃহস্পতিবার বিশাল পরিসরে খতমে বুখারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ নিয়ে আলেমদের মধ্যে ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেছেন, হাটহাজারী মাদ্রাসার সিদ্ধান্তের বিষয়টি জেনেও মুফতি মনির হোসেন কাসেমী বারিধারা মাদ্রাসায় খতমে বুখারি অনুষ্ঠান আয়োজন করছেন। এতে জুনায়েদ বাবুনগরীসহ আলেমদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আলেমদের অনেকেই অভিযোগ করে বলেন, খতমে বুখারি অনুষ্ঠান পালনের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন। বারিধারা মাদ্রাসায় খতমে বুখারি আয়োজন করার মাধ্যমে মনির হোসেন কাসেমীর অবস্থান সুদৃঢ় ও পাকাপোক্ত করাই মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আসা অতিথি জুনায়েদ বাবুনগরীসহ অন্যদের ঢাল বানিয়ে তিনি তার রাজনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি বিভিন্ন উৎস থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন।
