ঢাকায় চিকিৎসা করাতে এসে বাসচাপায় প্রাণ গেল নারীর

আপডেট : ১১ মার্চ ২০২১, ০২:০৩ এএম

নরসিংদী থেকে ঢাকায় চিকিৎসা করাতে এসেছিলেন রেহেনা বেগম (৫০)। কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে গেলেন তিনি। ঘটনাটি ঘটে গতকাল দুপুর ১২টার দিকে। মেয়ের হাত ধরে সড়ক পার হওয়ার সময় হঠাৎ বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ধরাধরি করে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। এদিকে একই দিনে ঢাকার সাভারে, সিলেটের ওসমানী নগরে, সিরাজগঞ্জের শাহজাদপুরে এবং পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আরও অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

সোহরাওয়ার্দীর সামনে বাসচাপায় নারীর মৃত্যু : রাজধানীতে বাসের ধাক্কায় নিহত রেহানা বেগম গ্রাম থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য। নিহতের মেয়ে তানজিনা আক্তার মেঘলা জানান, তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার পেটের টিউমার অপারেশন করানো হয়। এরপর বাড়িতে ছিলেন। তবে তার বুকে ব্যথা করত। এ জন্য কিছুদিন আগে আবার মাকে সোহরাওয়ার্দী হাসপাতালে এনে চিকিৎসা করান। ওই দিন তার একটি এনজিওগ্রাম করা হয়। বুধবার সকালে নরসিংদী শিবপুর উপজেলার কুন্দারপাড় গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন সেই পরীক্ষার রিপোর্ট নিতে। রিপোর্ট পেয়ে দেখেন সবকিছু নরমাল এসেছে তার। এরপরই তারা দুজন হাসপাতাল থেকে বের হন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আরেকটি রিপোর্ট আনতে যাওয়ার জন্য। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন তারা। তখন একটি বাস তার মাকে জোরে ধাক্কা দেয়।

রেহেনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী আশিয়ানা আইয়ুবী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন গাবতলীর দিকে থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) সমীর চন্দ্র ভৌমিক জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত