রাঙ্গামাটির কাপ্তাইয়ে বেড়াতে এসে বন্য হাতির আক্রমণে ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র অভিষেক পালের (২১) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় কাপ্তাই-আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অভিষেকের বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সোবহান উদয় জানান, তারা ৬ বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থেকে সিএনজি অটোরিকশাযোগে রাঙ্গামাটির পথে রওনা করেন।
সকাল ৯টায় সড়কের কামাইল্যাছড়ি এলাকায় ২টি বন্য হাতির মুখোমুখি হন তারা। এ সময় অভিষেক পাল ভয়ে বনের দিকে দৌড়ে পালানোর সময় পেছনে পেছনে ধাওয়া করে একটা হাতি তাকে পায়ে পিষ্ট করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করেন। বন্ধুরা মিলে কাপ্তাই ও রাঙ্গামাটি বেড়াতে এসে এই দুর্ঘটনায় পড়েন তারা।
কাপ্তাই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আনার আগেই অভিষেকের মৃত্যু ঘটেছে।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে এই ঘটনা ঘটলো।
