নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরো ১ জনের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২১, ০৫:১৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মাহফুজুল (১২)। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২ জনে। এর আগে মঙ্গলবার রাতে মারা যান পোশাক শ্রমিক মিশাল (২৮)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মাহফুজের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ ছয়জনের মধ্যে মাহফুজ আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। দুপুরে তিনি মারা গেছেন। এ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়ে ফ্ল্যাটে জমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের পোশাক শ্রমিক মো. মিশাল, তার স্ত্রী মিতা বেগম, শিশুকন্যা আফসানা আক্তার, শিশুপুত্র মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত