মশক নিধনে চসিকের ওয়ার্ডে ওয়ার্ডে চলছে ক্রাশ প্রোগ্রাম

আপডেট : ১২ মার্চ ২০২১, ০৯:২৫ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিমের ১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশকের প্রজনন ক্ষেত্র ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচিত কাউন্সিলরগণ স্ব স্ব ওয়ার্ডে এ ক্রাশ প্রোগ্রামে নেতৃত্ব দিচ্ছেন।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হয় নগরীর ২৮নং পাঠানটুলি ওয়ার্ডে। করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে সমগ্র ওয়ার্ডের নালা, নর্দমা থেকে আবর্জনা অপসারণের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করেন।

সিটি মেয়র রেজাউল বলেন, আমরা নিজেরাই পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ ও গৃহস্থালি বর্জ্য নির্ধারিত স্থান ও ডাস্টবিনে না ফেলে রাস্তাঘাট ও নালা নর্দমার ছুড়ে ফেলে নিজেদের শহরকে নোংরা করে তুলছি। নালা, নর্দমার পানি চলাচলকে ব্যাহত করে আবর্জনার স্তূপে পরিণত করে মশার উপদ্রব, রোগ বালাই ও জলাবদ্ধতার দুর্ভোগ ডেকে আনছি।

তিনি বলেন, এ পরিস্থিতিতে নাগরিক সচেতনতা প্রত্যাশা করছি। যত্র তত্র বর্জ্য, আবর্জনা ছুড়ে না ফেলে করপোরেশন নির্ধারিত স্থান ও ডাস্টবিন ব্যবহার করার অনুরোধ জানাই। বাসায় বাসায় গিয়ে বর্জ্য সংগ্রহ করছে করপোরেশন। তবুও কেউ কেউ সংগ্রহকারী কর্মীদের কাছে সময়মতো বর্জ্য না দিয়ে রাতের অন্ধকারে নালা নর্দমায় বর্জ্য ছুড়ে ফেলছেন। দোকানদাররা যারা পানীয় বিক্রি করছেন, প্লাস্টিকের মোড়কযুক্ত খাবার বিক্রি করছেন তারা যদি দোকানে পর্যাপ্ত বিন বা ঝুড়ি রেখে প্লাস্টিকের বোতল, খাবারের মোড়ক, পলিথিন এসব যত্রতত্র না ফেলে সংরক্ষিত ঝুড়িতে  ফেলতে গ্রাহকদের অনুরোধ ও সচেতন করে তোলেন তবে নালাগুলো আর সহজে ভরাট হবে না। এতে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ অনেকটাই সহজ হবে এবং নিজেরাই উপকৃত হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত