ছুরিকাঘাতে দুই পুলিশ আহত, আসামি গুলিবিদ্ধ

আপডেট : ১২ মার্চ ২০২১, ১০:৩৫ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে পরোয়ানাভুক্ত রুবেল শাহ নামে এক আসামি গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন।

শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকার নাঢ়ুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শহীদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে রামপুর বাজার এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল শাহকে ধরতে অভিযান চালায়। এ সময় আসামি রুবেল পুলিশের ওপর হামলা চালালে পুলিশ তাদের জানমাল ও সরকারি অস্ত্র রক্ষায় গুলি চালায়। এতে রুবেল হোসেন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, আসামির হামলায় ফরিদগঞ্জ থানার এএসআই মো. জামশেদ ও শফিক মিয়া ছুরির আঘাতে আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি জানান, রুবেল শাহের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। অভিযানকালে রুবেলের নিকট থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান বলেন, সারা দেশে পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজ ফরিদগঞ্জে অভিযান চালায় পুলিশ।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পুলিশ যাওয়ার পরেই আসামির হাতে থাকা চাকু দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে করে আত্মরক্ষার্থে পুলিশ তাৎক্ষণিকভাবে গুলি চালায়। সম্ভবত ২ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘটেছে। আহত আসামির উন্নত চিকিৎসার জন্য পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত