আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
ফৌজদারি অপরাধে কুয়েতে দণ্ডিত হয়ে কাজী শহিদ ইসলাম পাপুল সংসদ সদস্য (এমপি) পদ হারানোয় এ আসনে উপনির্বাচন হচ্ছে।
শনিবার আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মিঞা গোলাম ফারুক পিংকু বলেন, ‘আমরা দলীয় মাধ্যমে নুর উদ্দিন চৌধুরীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে আগামীকাল এ সংক্রান্ত চিঠি হাতে পাবো।’
এদিকে, নুর উদ্দিনের মনোনয়ন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে সন্ধ্যায় রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে।
আসনটিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ মার্চ। যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন।
উপনির্বাচনের বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পরিবেশ না থাকায় বিএনপির কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আগে দিনের আলোতে ভোট হতো, এখন রাতে ভোট হয়। ভোটারদের বাধ্য করা হয় নৌকায় ভোট দিতে।
