দেশের সব রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি জ্বালানি তেল বহনকারী ট্রেনের দুর্ঘটনার কারণ চিহ্নিত করে প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশগ্রহণ করেন।
