নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুষ নিতে এসে আটক হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত এক কনস্টেবল। গত রবিবার রাতে কায়েমপুর ফকির গার্মেন্টসের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
ভুক্তভোগী ওয়াবদারপুল এলাকার প্রিন্টিং ব্যবসায়ী নাদির সরদার দেশ রূপান্তরকে জানান, দেড় মাস আগে আটক ইমরান হায়দার একটি গাড়ি নিয়ে তার প্রতিষ্ঠানে এসে দুদক কর্মকর্তা পরিচয় দেন। তিনি ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পরে আরও ২ লাখ টাকা দাবি করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তাদের পরামর্শে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ইমরানকে আসতে বলা হয়। এরপর টাকা নেওয়ার জন্য দুই সহযোগীসহ ইমরান রবিবার রাতে এলে তাকে আটক করা হয়।
ফতুল্লা থানার এসআই হাফিজ ঘটনাস্থলে গিয়ে ইমরানকে আটক করে থানায় নিয়ে যান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আটক ইমরান দুদকে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে বর্তমানে তিনি চাকরিচ্যুত।’
