ছেলে সন্তানের বাবা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।
বাংলা এবং ইংরেজি- দুই ভাষাতেই পোস্ট করে সবাইকে আনন্দের খবরটি জানান সাকিব।
বাংলায় দেওয়া পোস্টে সাকিব বলেন, ‘আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ই মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের।’
‘শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু’আ করবেন’ লিখেন সাকিব।
যুক্তরাষ্ট্রে বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন সাকিব। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।
এদিকে নতুন অতিথির আগমনের খবর জানিয়ে ফেইসবুক পেজে পোস্ট দিয়েছেন সাকিবের স্ত্রী শিশিরও। তিনি লিখেন, ‘দুই সুন্দরী রাজকন্যা এবং এক সুদর্শন রাজপুত্র পেয়ে এর চেয়ে ভালো জীবন কল্পনা করতে পারিনি, আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্টটিকে শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ।’
সাকিব-শিশির দম্পতির এটি তৃতীয় সন্তান। এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলায়নার জন্ম ২০১৫ সালে।
