মোদির ওড়াকান্দি সফর 'প্রভাব ফেলবে' পশ্চিমবঙ্গের ভোটে

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৯:৫৫ পিএম

কিছুদিন আগেও গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে ‘মতুয়া’ সম্প্রদায়ের খবর পাওয়া যেত ‘চড়কের’ মেলায় পদদলিত হয়ে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটলে। তবে, বিজেপির অটলবিহারী বাজপেয়ির আমলে ভারতের হাইকমিশনার বীণা সিক্রি ওড়াকান্দি যাওয়ার পর গণমাধ্যমসহ দেশে-বিদেশে অনেকের আগ্রহ তৈরি হয় স্থানটি নিয়ে। আর সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে অন্যান্য স্থানের সঙ্গে এই প্রত্যন্ত গ্রামটি অন্তর্ভুক্ত হওয়াতে ভারত-বাংলাদেশ উভয় দেশের মানুষেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওড়াকান্দি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মোদির ওড়াকান্দিতে ‘মতুয়া’ সম্প্রদায়ের পবিত্র মন্দির পরিদর্শনে যাওয়াকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের রাজনীতিকে মিলিয়ে দেখছেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদি সেখানে যাচ্ছেন সীমানার ওপারের মতুয়াদের মন জয় করতে, যাদের ভোট পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে জয়-পরাজয়ের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মোদি ২৬ মার্চ ঢাকায় এসে ওড়াকান্দিতে যাবেন ২৭ মার্চ। সেদিন থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার আট ধাপের নির্বাচনের প্রথম ধাপ। ওড়াকান্দিতে মোদি শ্রদ্ধাজ্ঞাপন করবেন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের প্রতি। হরিচাঁদ ঠাকুর ১৮১২ সালের ১১ মার্চ জন্ম গ্রহণ করেন ওড়াকান্দিতে। ওড়াকান্দির সঙ্গে জড়িত মতুয়া সম্প্রদায়ের আবেগ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদির সফরসঙ্গীদের মধ্যে মতুয়া মহাসংঘের বর্তমান নেতা এবং বনগাঁ আসনে বিজেপির সংসদ সদস্য শান্তনু ঠাকুরও থাকছেন।

পশ্চিমবঙ্গে সিএএ বাস্তবায়নের দেরি হওয়ায় শান্তনু বেশ বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করে দিয়েছেন যে, সিএএ অবিলম্বে শুরু করা না হলে তার সম্প্রদায়ের মানুষ ‘নতুন কিছু ভাবতে শুরু করবে’। এই সতর্কবাণীর কারণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মাসে ঠাকুরনগরে যেতে বাধ্য হয়েছিলেন। উত্তর চব্বিশ পরগনার অন্তর্ভুক্ত এই অঞ্চলটিতে মূলত মতুয়া সম্প্রদায়ের সদস্যরাই বসবাস করেন।

সফরকালে মতুয়া সম্প্রদায়কে অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন যে চলমান করোনা ভ্যাকসিন কার্যক্রম শেষ হওয়ার পরে সিএএ বাস্তবায়িত হবে।

সার্বিকভাবে এমন বৈরী পরিস্থিতিতে মোদি মতুয়া ভোটারদের উৎসাহিত করবেন এবং ভোটারদের কাছে বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক বার্তা দেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বিশ্লেষকেরা বলছেন, মোদিই হতে চলেছেন প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ওড়াকান্দিতে যাচ্ছেন। এই জায়গাটি পশ্চিমবঙ্গের দেড় কোটি ভোটারের কাছে একটি আবেগজড়িত পুণ্যস্থান। ভারতজুড়ে মতুয়া সম্প্রদায়ের প্রায় সাড়ে তিন কোটি মানুষ বসবাস করেন।

রাজনৈতিকভাবে সচেতন এই সম্প্রদায়ের ভোট ২৯৪টি আসনের মধ্যে প্রায় ৩০টির ভাগ্য নির্ধারণ করবে। এছাড়াও, আরও অন্তত ৬৩টি আসনের ক্ষেত্রেও তাদের পরোক্ষ প্রভাব থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত