চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল মহড়া নিয়ে বিরোধে বুধবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্ক এলাকায় এই সংঘর্ষ হয়।
নিহত হাশেম খান (৩৫) হালিশহর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।
ডবলমুরিং থানার ওসি মো. মহসিন বলেন, জাম্বুরি পার্কের দিকে মোটরসাইকেলের মহড়া নিয়ে একদল যুবক উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজিয়ে আসছিল।
এ সময় স্থানীয় এক যুবকের সঙ্গে এ নিয়ে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে হাশেম নামে একজনের বুকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।
তাকে গুরুতর আহতাবস্থায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাশেমকে মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে।
