জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। সেখান থেকেই বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তামিম।
বুধবার স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
এমন দিনে শুভেচ্ছা বার্তায় তামিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে।’
‘আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সকল ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’- বলেন তামিম।
এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তামিম লিখেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’
