আওয়ামী সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যায়: ফখরুল

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০৬:৪৬ পিএম

সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 
এ দেশের মানুষ ধর্ম নিয়ে কোনো হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এদেশে সব ধর্মের মানুষ কোনো ধরনের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বসবাস করছে।’

ফখরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এ সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী সরকার যখনই ক্ষমতায় আসে তাদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।’

তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘এ ঘটনা এক অশনি সংকেত। এ দেশের জনগণ এখন ভয়ংকর দুঃসময়ের মধ্যে দিনাতিপাত করছে। ভয়াল পরিবেশের কারণে এদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং তাদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী সরকার বিরোধী মত ও দলের নেতাকর্মীদের দমন ও নির্যাতনে ব্যস্ত থাকার কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকায় একের পর এক নিরীহ মানুষের ওপরে হামলা, নির্যাতন ও জুলুম অব্যাহত রয়েছে। ’

তিনি অবিলম্বে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির জোর দাবি জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত