চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে গোটা সিরিজে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় দুই খেলোয়াড় কেইন উইলিয়ামসন এবং রস টেইলর না থাকায় তামিম ইকবাল কিছুটা সুবিধা দেখছেন।
আগামীকাল শনিবার মাঠে গড়াবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখনো কোনো জয় নেই বাংলাদেশের। তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে টাইগাররা। এবার সেই ধারায় ছেদ টানার আশাবাদ ব্যক্ত করেছেন তামিম।
তামিম বলেন, ‘ওদের গুরুত্বপূর্ণ দুইজন খেলোয়াড় খেলছে না। তাই এটা অবশ্যই সুবিধা।’
‘তবে তারা খেলছে না দেখেই আমরা আগে থেকেই কিছু একটা চিন্তা করে রাখব, এমন কিছু নয়। তারা মানসম্পন্ন দল। বিশেষ করে, নিজেদের মাটিতে তারা খুবই ভালো, এটা আমরা সবাই জানি। তবে প্রতিপক্ষের দুটো টপ-ক্লাস খেলোয়াড় না থাকলে একটা সুবিধা অবশ্যই থাকে।’
উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে দলটির তিনজনের। সেই তালিকায় আছেন দুই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াং এবং পেস বোলিং অলরাউন্ডার ড্যারিল মিচেল।
