জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে ভারতে যাওয়া সপ্তম শ্রেণির এক কিশোরীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পারিবারের কাছে ফেরত দেয় ওই কিশোরীকে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির জানান, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের ওই কিশোরীর (১৪) সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের এক ছেলের প্রেমের
সর্ম্পক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকালে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় ওই কিশোরী। সেখানে প্রেমিককে খুঁজতে থাকে সে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকায় বিএসএফ তাকে আটক করে। পরে
জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগের এক পর্যায়ে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয় কিশোরীকে। বিজিবির পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।
বিএসএফ কমান্ডার ইন্সপেক্টর এস.কে বিশাল ধানুয়া কামালপুর বিওপি সুবেদার মো. আজমল হোসেনের কাছে তাকে হস্তান্তর করেন।
একই সময়ে সুবেদার আজমল হোসেন মেরিনাকে বকশিগঞ্জ থানা পুলিশের এসআই মো. মুন্তাজ আলীর হেফাজতে হস্তান্তর করেন। এ সময় ধানুয়া কামালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
