ফরিদপুরের ভাঙ্গায় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামে রেলগাড়ির সঙ্গে নসিমনের (শ্যালো ইঞ্জিনচালিত) সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শনিবার দুপুর দুইটার দিকে ভাঙ্গার নোয়াপাড়ার জানদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার দত্তপাড়ার আনন্দবাজার গ্রামের আরব ফরাজির ছেলে রফিক ফরাজি (৩৫) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২১)।
ভাঙ্গা রেল স্টেশনের ম্যানেজার মো. শাজাহান জানান, রাজশাহী হতে মধুমতি এক্সপ্রেসটি ভাঙ্গা স্টেশনের মাত্র এক কিলোমিটার দুরে থাকতে জানদি রেলক্রসিং অতিক্রম করার সময় ওই নসিমনটি রেল ক্রসিং পেরিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।
একজন চালক ও তিনজন আরোহীসহ নসিমনটি তাল গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছিল।
তিনি জানান, জানদির ওই রেলক্রসিংয়ে পথচারী ও পরিবহন চালকদের নিজ দায়িত্বে সড়ক পারাপার হওয়ার নির্দেশ সংবলিত একটি সাইনবোর্ড টানানো রয়েছে। কিন্তু তারা ওই ঘোষণা না মেনেই রেলের ক্রসিং পেরিয়ে রেল পথে উঠে আসে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আক্তারুজ্জামান জানান, এ দুর্ঘটনায় আবুল হোসেন নামে গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
