নিখোঁজের তিন দিন পর রাজবাড়ীর গোয়ালন্দে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ট্রাক চালক মো. রনি পাঠানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ৩টায় মরদেহটি উদ্ধার করা হয়। ট্রাক চালক মো. রনি পাঠান গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার আব্দুল মতিন পাঠানের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, গত ১৭ মার্চ রাতে তিনজন বন্ধুর সঙ্গে বের হয় রনি পাঠান। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। নিকট আত্মীয় ও পরিচিত সকলের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার মজিবর মাস্টারের পুকুরের এক কিনারা থেকে ট্রাক চালক রনি পাঠানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান চলছে।
