'স্টুডেন্ট ওয়েজ'র সত্ত্বাধিকারী লিয়াকতউল্লাহ আর নেই

আপডেট : ২১ মার্চ ২০২১, ১০:৩৭ পিএম

দেশের অন্যতম প্রধান ও প্রাচীন প্রকাশনা প্রতিষ্ঠান 'স্টুডেন্ট ওয়েজ'র সত্ত্বাধিকারী মোহাম্মদ লিয়াকতউল্লাহ আর নেই। রবিবার  সকাল ৮টায় তার মৃত্যু হয় বলে লেখক, চলচ্চিত্র পরিচালক রেজা ঘটক নিশ্চিত করেন। 

পরিবার সূত্র জানায়, মোহাম্মদ লিয়াকতউল্লাহ গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

পরিবার থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে তিনি গত কিছুদিন ধরে অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল। রোববার সকালে তিনি মারা যান। জানাজা শেষে রাতে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশের প্রকাশনা শিল্পের অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মাদ হাবিবউল্লাহ ১৯৫০ সালে প্রতিষ্ঠা করেন 'স্টুডেন্ট ওয়েজ'। বাবার মৃত্যুর পর পুত্র মোহাম্মদ লিয়াকতউল্লাহ প্রকাশনার হাল ধরেন এবং বাংলাদেশের শীর্ষ লেখকদের অনেক আলোচিত বই প্রকাশের কৃতিত্ব দেখান। তিনি বহু নবীন লেখকের পৃষ্ঠপোষক রূপে সমধিক পরিচিত।

'স্টুডেন্ট ওয়েজ' সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনার চ্যালেঞ্জের মধ্যেও আসন্ন অমর একুশে বইমেলায় অংশ গ্রহণের জন্য তিনি প্রাতিষ্ঠানিক প্রস্তুতি অব্যাহত রাখেন। তিনি ছিলেন প্রকাশনা অন্তঃপ্রাণ মানুষ। জীবনভর তিনি বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশ ও উন্নতিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত