দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এখন অনেকটাই ফাঁকা। ঘাট এলাকায় নেই কোনো পরিবহনের চাপ। নদী পারের জন্য আসা সকল পরিবহনের সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। তবে ট্রাকের সিরিয়াল দেখা গিয়েছে।
মঙ্গলবার সরেজমিন গোয়ালন্দ মোড় ও দৌলতদিয়া ঘাটে দেখা যায় ভিন্ন চিত্র। যে সব সড়কে দিনের পর দিন নদী পারের জন্য অপেক্ষা করতে হয়েছে সেই সব সড়ক অনেকটাই ফাঁকা। পরিবহনের সরাসরি ফেরির টিকিট সংগ্রহ করে উঠে যাচ্ছে ফেরিতে।
শুধু দৌলতদিয়া অংশে নদী পারের জন্য ট্রাকের সিরিয়াল দেখা গিয়েছে। ট্রাকের সিরিয়াল জিরো পয়েন্ট হতে উত্তর দৌলতদিয়া নুরুল মন্ডল পাড়া পর্যন্ত দেখা যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত।
ঝিনাইদহ থেকে আসা পরিবহন চালকের সঙ্গে কথা বললে তিনি জানান, সরাসরি ঘাটে চলে আসতে পেরেছি তেমন কোন সমস্যায় পরতে হয়নি। এই রকম খুব কমই হয় যে সরাসরি ফেরি ঘাটে আসতে পারা।
সাতক্ষীরা থেকে আসা ট্রাক চালক বলেন, ঘণ্টাখানেক হল সিরিয়ালে দাঁড়িয়ে আছি। সকাল ১০টায় দৌলতদিয়ায় এসেছি, এখন দেখি কতক্ষণ লাগে। গোয়ালন্দ মোড়ে ট্রাকের সিরিয়াল আছি কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেখানে কোনো সিরিয়াল নেই, আজ সকালে সরাসরি এখানে আসতে পেরেছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার (এ জি এম) ফিরোজ শেখ বলেন, বর্তমান ঘাটে যানবাহনের চাপ তেমন নেই। স্বাভাবিক সময়ে যে যানবাহনগুলো নদী পার হয় সেই যানবাহনগুলোই নদী পার হচ্ছে।
তা ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৬টি ফেরি নিয়মিত চলাচল করায় ঘাটে কোনো যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে না।
ট্রাকের সিরিয়াল বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ট্রাকের বেশি সিরিয়াল নেই তবে আমরা আশা করি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সিরিয়াল কমে যাবে, যেহেতু আমাদের পর্যাপ্ত ফেরি রয়েছে।
