পাটমন্ত্রীর বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগে দুই ছাত্রলীগ নেতার নামে মামলা

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০৩:৩১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রীর নামে ফেসবুকে অপ-প্রচারের অভিযোগ এনে রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মন্ত্রীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন গাজী গ্রুপের ম্যানেজার (এডমিন) মোজাম্মেল হক।

মামলার আসামিরা হলেন- কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উল্লেখিত দুই নেতাসহ আরও অজ্ঞাত ১০/১২ জন মিলে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। ২৬ ফেব্রুয়ারি রাত ১০টায় আশরাফুল আলম ভুইয়া জেমিনের ফেসবুক আইডি থেকে গাজী একাডেমির জন্য নির্ধারিত কিছু জমির ছবিসহ কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার অবতারণা করে স্ট্যাটাস দেয়া হয়।

উক্ত স্ট্যাটাসে আসামি আশরাফুল আলম ভুইয়া জেমিন বস্ত্র ও পাটমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করেছে বলে আর্জিতে বাদী উল্লেখ করেছেন।

এতে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তার নির্বাচনী এলাকার জনগণের মধ্যে অস্থিরতা এবং বিশৃঙ্খলা করা হয়েছে বলে বাদী উল্লেখ্য করেন। মামলায় এ ঘটনায় ৩ জনকে সাক্ষী করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলাম তুষার বলেন, গাজী সাহেবের জবর-দখলের প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার শাসন আমলে রূপগঞ্জের এমন কোনো নেতাকর্মী নেই যারা মামলার শিকার হয়নি।

তিনি স্থানীয় নয় বিধায় এলাকার মানুষের জন্য তার দরদ কম। না হলে উপজেলা আওয়ামী লীগের সর্বোচ্চ কর্ণধার হয়েও কীভাবে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত