রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শেখর মেহতা দেশে আসছেন বৃহস্পতিবার

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১১:২৩ পিএম

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট শেখর মেহতা এবং তার স্ত্রী রাশি মেহতা এক সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন।

বুধবার রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।  

শেখর মেহতা বাংলাদেশের রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর আমন্ত্রণে রোটারি ক্লাবের শীর্ষ নেতাদের প্রশিক্ষণ ‘পেটস ও এজিটিএসে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশ সফর করছেন।

১৯৩৭ সালে এই অঞ্চলে রোটারি আন্দোলনের সূচনা হওয়ার পর গত ৮৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এ রকম প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বাংলাদেশে এলেন। ২৫ ও ২৬ মার্চ কক্সবাজারে এই 'পেটস ও এজিটিএস' অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ শিবিরে সারা দেশের ৪ শতাধিক রোটারি নেতৃবৃন্দ অংশ নেবেন।

সফরকালে শেখর মেহতা 'বাংলাদেশ রোটারি প্রায়োরিটি কমিউনিটি প্রজেক্ট'  উদ্বোধন করবেন। ব্যারিস্টার ফারুকীর উদ্যোগে এই প্রজেক্টের অধীনে সারা দেশের অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অত্যাধুনিক কমফোর্ট সেন্টার নির্মাণ করা হচ্ছে। আধুনিক এই কমফোর্ট সেন্টারগুলোয় উন্নতমানের টয়লেট স্থাপন ছাড়াও নারী শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে মেনেস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট রুম ও স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে। রোটারি ইন্টারন্যাশনাল ও দেশের রোটারি ক্লাবগুলোর যৌথ অর্থায়নে এই প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।

পাশাপাশি শেখর মেহতা কক্সবাজারে বিভিন্ন সেবাধর্মী রোটারি প্রজেক্ট পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা শিবিরে রোটারির অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মতবিনিময় করবেন।

সফরের শেষ দিনে প্রেসিডেন্ট ইলেক্ট শেখর মেহতা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করে, জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অগ্রগতিতে রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত