ঝালমুড়ির লোভ দেখিয়ে শিশু অপহরণ, গ্রেপ্তার ১

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:৪৬ এএম

ঢাকার আশুলিয়ার দুর্গাপুর পূর্বচালা এলাকা থেকে অপহৃত চার বছরের শিশু আসনান আদিপকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে তাকে অপহরণের অভিযোগে রাকিব সরদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। গত মঙ্গলবার মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়ার যমুনা নদীর তীরবর্তী দুর্গম চর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও রাকিবকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

গতকাল বুধবার রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত রবিবার শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে আশুলিয়া থেকে মানিকগঞ্জে যমুনার তীরবর্তী দুর্গম চর এলাকায় নিয়ে যায় রাকিব। পরে তার বাবার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয়। আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানার আয়রনম্যান রাকিব অপহরণের শিকার শিশুটির বাবার বাসায় ভাড়া থাকতেন। এক মাস আগে রাকিব সেখান থেকে চলে যায়। তখন থেকেই মূলত শিশুটিকে অপহরণের পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী আদিপকে ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাসার গেট থেকে রিকশায় জিরাবো এলাকায় নিয়ে যায়।

ডিআইজি মোজাম্মেল আরও বলেন, পরবর্তী সময়ে বাসে নবীনগর হয়ে মানিকগঞ্জের শিবালয় থানার উথুলি এবং সিএনজিচালিত অটোরিকশায় জাফরগঞ্জ বাজারে নিয়ে যায়। সেখান থেকে ট্রলারে যমুনা নদী পার হয়ে দৌলতপুর থানার দুর্গম চর বাঘুটিয়া গ্রামের বাড়িতে আদিপকে আটকে রাখে রাকিব। মুক্তিপণ দাবির পর শিশুটির বাবা আল আমিন র‌্যাবের কাছে অভিযোগ দেয়। এরপর যমুনা নদীর তীরবর্তী বালুময় দুর্গম চর এলাকায় অভিযানে যায় র‌্যাব। পরে রাকিবকে গ্রেপ্তার এবং আদিপকে উদ্ধার করা হয়। রাকিবের গ্রামের বাড়ি যেতে যমুনা নদীতে প্রায় এক ঘণ্টা ট্রলারে যেতে হয়েছে। এরপর ১০ কিলোমিটারের বেশি বালুময় রাস্তায় কখনো হেঁটে কখনো নৌকাযোগে গিয়ে অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত