উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার জাপান সাগরের কাছে পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রকে নতুন ধরনের বলে দাবি করেছে। গতকাল শুক্রবার সরকারের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ বলেছে, নিউ-টাইপ ট্র্যাক্টিক্যাল গাইডেড প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র দুটি ৬০০ কিলোমিটার দূরত্বে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম। তবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটির একটি প্রায় ৪৫০ কিলোমিটার উড়ে এসে সাগরে জাপানের একান্ত অর্থনৈতিক এলাকার বাইরে পড়ে। অন্যটি ৪৩০ কিলোমিটার উড়ে এসে একই এলাকার কাছাকাছি পড়ে।
বিবিসি বলছে, ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা টোকিও অলিম্পিকের আগে ওই অঞ্চলে উত্তেজনার রসদ জোগাবে এবং যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করবে। এক বছরের কম সময় এবং প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়া প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। জো বাইডেন বলেছেন, ‘সঠিক সময়ে’ এর জবাব দেবে।
