সরকার লালিত ধর্মান্ধ শক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে: সিপিবি

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৬:৩৪ পিএম

সরকার কর্তৃক লালিত ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজতি ইসলাম মোদির বিরোধিতার নামে অশুভ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উগ্র মৌলবাদী সংগঠন আরএসএসের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তার বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাষ্ট্রীয় দমন-পীড়নের তীব্র নিন্দা এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালনে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এ উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উগ্র মৌলবাদী সংগঠন আরএসএসের প্রতিনিধি বিজেপি নেতা গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার নায়ক নরেন্দ্র মোদিকে অতিথি করা আমাদের মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিরোধী। তার আগমনে দেশে যে রক্তাক্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার জন্য সরকারই দায়ী।

বিবৃতিতে তারা আরো বলেন, মোদির আগমণের বিরোধিতা করে বাম গণতান্ত্রিক জোট ও প্রগতিশীল ছাত্র সমাজসহ বাম-প্রগতিশীলদের প্রতিবাদী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ বর্বর নির্যতন চালিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা ও সকল ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বামপন্থিরা মোদির আগমনের বিরোধিতা করেছে। কিন্তু সরকার কর্তৃক লালিত ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজতি ইসলাম মোদির বিরোধিতার নামে অশুভ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে। কিন্তু সরকার এটাকে মোকাবিলা করার জন্য দমন-পীড়নের যে পথ বেছে নিয়েছে, তা সঠিক বলে কমিউনিস্ট পার্টি মনে করে না। তাদেরকে সাথে নিয়ে ক্ষমতার খেলা দেশ ও জাতির জন্য যে সর্বনাশা পথ, তা আজ পরিষ্কার। সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও আদর্শিক লড়াই-ই হলো সঠিক পথ।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ফ্যাসিস্ট কায়দায় গণতন্ত্র হরণ করে সভা-সমাবেশ দমন করার যে পথ অনুসর করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ফ্যাসিস্ট কায়দায় সরকারের দমন-পীড়ন ও উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি লড়াই অব্যাহত রেখেছে। এই লড়াইকে জোরদার করতে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক জনতার প্রতি সিপিবি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত