তেঁতুলিয়ায় বিষ দিয়ে ৬ শতাধিক মুরগি মারার অভিযোগ

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১১:২১ এএম

খাবারের পানিতে বিষ মিশিয়ে দুর্বৃত্তরা পোলট্রি ফার্মের ৬ শতাধিক মুরগি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

এই বিষ প্রয়োগে মারা যাচ্ছে আরও মুরগি। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার উত্তর বোয়ালমারী গ্রামের লাবণি পোলট্রি ফার্মে।

রবিবার রাত ৮টায় ওই পোলট্রি ফার্ম ঘুরে দেখা যায়, আব্দুল মজিদের ফার্মের একটি শেডে শতাধিকের বেশি ব্রাউন লেয়ার জাতের মুরগি মরে পড়ে আছে। ওই শেডটিতে তিন হাজার মুরগি রয়েছে। একেকটি মুরগির দাম ৫শ-৬শ টাকা।

ফার্মটির মালিক আব্দুল মজিদের অভিযোগ, গত ২৭ তারিখে রাতের কোন এক সময় শত্রুতা বশত কে বা কারা ফার্মের মুরগির খাবারের পানিতে বিষ মিশিয়ে দেয়।

এটার কারণে সকাল থেকে একটি সেটের মুরগি মারা যেতে থাকে। পরে তেঁতুলিয়া প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. আজমল হুদা তপনকে খবর দিলে তিনি এসে মুরগি প্রাথমিক পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পাননি। আমার সন্দেহ কেউ শত্রুতা বশত খাবারের পানিতে বিষ মিশিয়ে দিয়েছে।

তিনি বলেন, রবিবার রাত পর্যন্ত মারা যায় ৫ শতাধিকেরও বেশি মুরগি। এই ফার্মে ৩ হাজার মুরগির মধ্যে একটি শেডে দেড় হাজার হাজার মুরগি রয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬শ’র ওপরে মুরগি মারা গেছে।

আব্দুল মজিদ আরও বলেন, ইতিপূর্বে এক প্রতিবেশী আমার ফার্মে ক্ষতি করার চেষ্টা করে। এটা স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সবাই অবগত রয়েছেন। বিভিন্ন এনজিও ও কৃষি ব্যাংকের ঋণ নিয়ে এ ফার্ম করেছি। এ ঘটনায় ১০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। জানি না এ ক্ষতিতে ঋণের টাকা কীভাবে শোধ করবো। এ ঘটনায় মামলা করবেন বলে জানান আব্দুল মজিদ।

প্রতিবেশী তোফাজ্জ্বল হোসেন, ইসমাইল হোসেন ও উজ্জ্বল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ কেমন শত্রুতা! ফার্মের খাবারের পানিতে বিষ মিশিয়ে মুরগি মেরে ফেলা, বিষয়টি মানা যাচ্ছে না। মজিদের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা.আজমল হুদা তপন জানান, ঘটনাটি জানার পর ফার্মের মুরগির কোনো রোগে ঘটনাটি ঘটেছে কীনা তা প্রাথমিক পরীক্ষা করে সে রকম কোন কিছু পাওয়া যায়নি। এটি বিষ প্রয়োগ কীনা তা উন্নত ল্যাবে পরীক্ষার জন্য পরামর্শ দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত