আগামীকাল বুধবার (৩১ মার্চ) যশোর পৌরসভার নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম।
মঙ্গলবার দুপুর ১২টার পর যশোর পৌর কমিউনিটি সেন্টার থেকে এসব সরঞ্জাম প্রদান করে জেলা নির্বাচন অফিস।
প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বুঝে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে চলে যান।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, আগামীকাল বুধবার যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৪৭৯টি ইভিএম মেশিনসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে বুঝে দেয়া হয়েছে।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরও ৫০ শতাংশ ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, এ নির্বাচনে এক হাজার ৪৫০জন নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১২শ’ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবেন।
যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে বিএনপির প্রার্থী ইতিমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ছাড়া কাউন্সিলর পদে ৪৭জন ও নারী কাউন্সিলর পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার এক লাখ ৪৬ হাজার ৫৯২জন ভোটার প্রথমবারের মতো ইভিএম-এ ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।