কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল সাউন্ড গ্রেনেড ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শুরু হয়ে থেমে থেমে দুই ঘণ্টার সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন নেতারা। কর্মসূচি অনুযায়ী বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা শহরের পুরান থানা ও একরামপুর এলাকার রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নিয়ে পুলিশের ওপর অনবরত পাথর নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা জবাব দিতে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছোড়ে। এভাবে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। চারজনকে আটক করে পুলিশ।
গত ২৮ মার্চ হেফাজত ইসলামীর হরতালের দিন সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বাক্কার সিদ্দিক জানান, বিক্ষোভের নামে জনগণের দোকানপাট ভাঙচুর করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
