গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ২ হাজার ৭৪ জনকে বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। যাদের মধ্যে ১ হাজার ৪৪৪ জন পুরুষ ও ৬২৯ জন নারী এ সেবা পেয়েছেন।
এ ছাড়া আইনি প্রতিকার পেতে এই সময়ে সরকারি খরচে ১০৬ জন বিচারপ্রার্থীর পক্ষে মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৫ জন নারী এবং ২ জন শিশু।
মঙ্গলবার দেশ রূপান্তরকে এসব তথ্য জানান সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড দপ্তরের সমন্বয়ক রিপন পৌল।
তিনি জানান, গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ৩১ মে ছুটি শেষ হয়। করোনাকালীন সময়ে গত বছর দেশে প্রথমবারের মতো উচ্চ ও অধস্তন আদালতে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়।
তিনি বলেন, মহামারির এই এক বছরেও অসহায় মানুষদের আইনি অধিকার প্রতিষ্ঠা পেতে আদালতমুখী হওয়ার ঘটনার কমতি ছিল না। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস প্যানেল আইনজীবীদের নিয়ে ২ হাজার ৭৪ জনকে আইনি পরামর্শ এবং ১০৬ বিচারপ্রার্থীর পক্ষে মামলা করেছে।
