তিন বিভাগে আমরা একসঙ্গে ভালো করতে পারছি না: সৌম্য

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১১:০৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের বড় জয়গুলোর বেশির ভাগই এসেছে তিন বিভাগের সম্মিলিত পারফরম্যান্সে। এবারের নিউজিল্যান্ড সফরে যা কোনো ম্যাচেই করতে পারেনি টাইগাররা। তাই তো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও চোখ রাঙাচ্ছে একই পরিণতি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আলোকাড়া সৌম্য সরকার এবারের সফরের ব্যর্থতার পেছনে এই কারণের কথাই বলছেন। যা থেকে বেরিয়ে আসতে পারলে বৃহস্পতিবারের শেষ ম্যাচটায় অন্তত জয় সম্ভব বলেও বিশ্বাস তার।

বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ দফায় নিউজিল্যান্ডের মাটিতে জয় খরা ঘোচানোর জন্য যা শেষ সুযোগ। ব্যর্থ হলে দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হবে দেশে। টাইগারদের যা পারফরম্যান্স তাতে এই ফলটাকেই সম্ভাব্য মনে হচ্ছে।

সৌম্য সরকার অবশ্য জয়ের আত্মবিশ্বাস রাখছেন, ‘অবশ্যই এখানে জেতা সম্ভব।’ তবে বললেন তিন বিভাগেই যে জ্বলে উঠতে হবে। আর এ কথা বলতে গিয়েই সৌম্যর স্বীকারোক্তি, ‘আমরা যেভাবে খেলছি, হয়তো একদিন ব্যাটিংয়ে ভালো করছি, একদিন বোলিংয়ে…। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিনটিতেই একসঙ্গে ভালো করতে পারলে কাজটা সহজ হতো, জেতা সম্ভব হতো।’

মঙ্গলবার নেপিয়ারে হয়ে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন সৌম্য। বৃষ্টি আইনে ২৮ রানে হেরে যাওয়া ম্যাচে যা বাংলাদেশের একমাত্র প্রাপ্তি বলা চলে।

শেষ ম্যাচ নিয়ে সৌম্যর কথা, ‘যদি তিনটি বিভাগেই ভালো করতে পারি আমরা, তাহলে জেতা সম্ভব। সবশেষ ম্যাচে আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা-দুইটা ছোট ছোট ভুল হয়েছে। এসব যদি আমরা না করি, তিনটি বিভাগে একসঙ্গে যদি ভালো করি, কালকে জিততে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত