কুমিল্লায় বিয়ে বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে সাইফুল (২০) ও রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।
স্থানীয়রা জানায়, মুরাদনগরেরর আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়ির গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রাম থেকে বেশ কিছু যুবক আসে। তারা গায়েহলুদের অনুষ্ঠান দেখার সময় মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। এ সময় বিয়ের বাড়ির লোকজন বাধা দেয়। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলে একজন এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজন মারা যায়।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। এদিকে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিয়ে বাড়ির গায়ে হলুদে এসে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ হয়। এ সময় আমরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় একটি মরদেহ পাই। পরে হাসপাতালে নেয়ার সময় আরেকজন মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা চারজনের অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
