বরগুনার ইকোপার্কে ‘দলবদ্ধ ধর্ষণের শিকার’ তরুণী

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০৭:১১ পিএম

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী (২০)। এ ঘটনায় ওই তরুণী নয়জনের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)। বৃহস্পতিবার ওই তরুণী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দী শেষে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আমতলী উপজেলার ওই তরুণী তার ভগ্নিপতিকে নিয়ে বুধবার বিকেলে মোটরসাইকেলে তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কে বেড়াতে যান। ইকোপার্কের হরিণের শেডের কাছে গিয়ে তরুণীকে রেখে ভগ্নিপতি একটি দোকানে খাবার পানি আনতে যান। ওই সুযোগে ওত পেতে থাকা চারজনের একটি দল মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে ওই তরুণীকে সোহাগ, জাহিদুল, মিজানুর ও হাসান পালাক্রমে ধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে চলে যায়। ভগ্নিপতি শ্যালিকাকে না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা রাত ১০টার দিকে গভীর জঙ্গল থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে তালতলী থানার ওসি (তদন্ত) মো. ফরিদুল ইসলাম ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনার ধর্ষণের শিকার তরুণী বাদি হয়ে সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুলের (২৭) নামে তালতলী থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার পুলিশ ওই তরুণীকে জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। আদালতের বিচারক মো. সাকিব হোসেন জবানবন্দি শেষে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

পরিচয় গোপন রাখার শর্তে তালতলী টেংরাগীরি ইকোপার্ট এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সোহাগ, জাহিদুল, মিজানুর ও হাসানসহ ১২-১৫ জন বখাটে একটি চক্র রয়েছে, যারা ইকোপার্কে বেড়াতে আসে মানুষের টাকাপয়সা ছিনতাই করে। ওই চক্রের হাতে অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওদের কারণে ইকোপার্কে পর্যটক আসা কমে গেছে।

মোটরসাইকেল চালক বলেন, আমাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে গাড়ির চাবি, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে তারা ওই তরুণীকে মুখ বেঁধে জঙ্গলের ভেতর নিয়ে যায়।

তরুণীর ভগ্নিপতি বলেন, শ্যালিকাকে নিয়ে সোনাকাটা-টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে আসি। এক ফাঁকে দোকানে পানি নিতে যাই। এ সুযোগে স্থানীয় চারজন বখাটে মোটরসাইকেল চালককে মারধর করে গাছে বেঁধে আমার শ্যালিকাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেছি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ধর্ষণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে থানায় আনা হয়। তিনি বাদী হয়ে চার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত