ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানের ডিজিটাল নিরাপত্তা আইনে করা অভিযোগ পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দিয়ে আগামী ২০ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এ বিষয়টি নিশ্চিত করেন।
‘মিথ্যা ও বানোয়াট’ ইমেইলের ভিত্তিতে গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ দায়ে শাস্তি দেওয়া হয়েছে এমন অভিযোগে গত বুধবার মামলার আবেদন করেন সামিয়া রহমান। ওইদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষমাণ রাখেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে সামিয়া রহমান এবং ঢাবির ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানের বিরুদ্ধে গবেষণায় ‘প্ল্যাজিয়ারিজম’ বা ‘কুম্ভীলকবৃত্তির’ অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়।
