জয়পুরহাটে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, ছেলে আহত

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০৩:০৩ পিএম

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ব্যাংক কর্মকর্তা আবু ছালাম (৪৬) নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী তার ছেলে সিয়াম (১৪) গুরুতর আহত হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার তেঁতুলতলী এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত আবু ছালাম সদরের দোগাছী দরগাতলাহাট এলাকার শাহজাহান আলীর ছেলে ও সোনালী ব্যাংকের নওগাঁর বদলগাছী শাখার ম্যানেজার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছালাম ও তার ছেলে সিয়াম বিয়ের দাওয়াতে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলী এলাকায় পাথর বোঝাই একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে বালুতে পিছলে ট্রাকের পেছন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ছালাম।

গুরুতর আহত সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত