আইপিএলের ‘সেরা একাদশে’ ভিলিয়ার্সের অধিনায়ক ধোনি

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১১:২১ এএম

সর্বকালের সেরা আইপিএল একাদশ নির্বাচন করতে গিয়ে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার পরিবর্তে মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছে এবি ডি ভিলিয়ার্স।

তার সেরা একাদশে সেই সব ক্রিকেটারই স্থান পেয়েছেন যাদের সঙ্গে বা বিরুদ্ধে তিনি নিজে খেলেছেন।

বীরেন্দ্র শেহবাগ: দিল্লি ডেয়ারডেভিলস দলে এক সঙ্গে খেলেছিলেন ভিলিয়ার্স এবং শেহবাগ। ভারতের সেই বিধ্বংসী ওপেনারকেই পছন্দ দক্ষিণ আফ্রিকানের।

রোহিত শর্মা: ভিলিয়ার্সের মতে শেষ ৫ বছরে খেলা ক্রিকেটারদের মধ্যে রোহিত অন্যতম সেরা। এবি-র দলে বীরুর সঙ্গী রোহিতই।

বিরাট কোহলি: আরসিবি-র হয়ে ওপেন করবেন কোহলি। তবে ভিলিয়ার্সের দলে ৩ নম্বরেই থাকবেন তিনি।

এবি ডি ভিলিয়ার্স: চার নম্বরে নিজেকেই রেখেছেন ভিলিয়ার্স। তবে তার মতে সেই জায়গায় নামতে পারেন কেন উইলিয়ামসন বা স্টিভ স্মিথও।

বেন স্টোকস: ইংরেজ অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন ভিলিয়ার্সের দলে। ব্যাটে-বলে পারদর্শী তার মতো একজন ক্রিকেটারকে ছাড়তে পারেননি তিনি।

মহেন্দ্র সিংহ ধোনি: ভিলিয়ার্সের দলের অধিনায়ক তিনিই। উইকেটরক্ষকের দায়িত্বও থাকবে তারই কাঁধে।

রবীন্দ্র জাদেজা: ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারকেও দলে রেখেছেন ডি ভিলিয়ার্স। আইপিএল-এ চেন্নাইয়ের অন্যতম ভরসা তিনি।

রশিদ খান: স্পিন বিভাগের দায়িত্ব থাকছে আফগান ক্রিকেটারের হাতে। জাদেজার সঙ্গে তিনিই সামলাবেন ভিলিয়ার্সের দলের স্পিন বিভাগ।

যশপ্রীত বুমরা: ভারতীয় দলের অন্যতম সেরা পেসারকে দলে রেখেছেন ডি’ভিলিয়ার্স। মুম্বাই ইন্ডিয়ান্স দলের এই সম্পদকে হাতছাড়া করতে চাইবেন না কেউই। ডেথ বোলার হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া।

কাগিসো রাবাদা: স্বদেশীয়দের মধ্যে এই একজনকেই রেখেছেন ভিলিয়ার্স। নতুন বলে উইকেট নেওয়ার দায়িত্ব থাকবে রাবাদারই কাঁধে।

ভুবনেশ্বর কুমার: ভারতীয় দলের এই পেসারকে রাবাদার সঙ্গে নতুন বলের দায়িত্ব দেওয়া যেতেই পারে। বল সুইং করাতে তার মতো দক্ষ খুব কম বোলারই রয়েছেন আইপিএলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত