কাউন্সিলরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে মামলা

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১১:৫৭ পিএম

ঝালকাঠির নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ তালুকদারের বিরুদ্ধে তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন কবির।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে নলছিটিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির জানান, নবনির্বাচিত কাউন্সিলর পলাশ তালুকদার তার নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, যা নির্বাচনী আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর মধ্যে রয়েছে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি/আর-৩০৮/২০০০ (নল) চুরি মামলায় পলাশ তালুকদার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং ঝালকাঠি সেশন জজ আদালতের সেশন মামলা নম্বর- ৬৩/২০০২ চাঁদাবাজি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।

এ ছাড়া নির্বাচনী হলফনামার শিক্ষাগত যোগ্যতার কলামে অষ্টম শ্রেণি পাস উল্লেখ করে নলছিটির সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভুয়া সনদ সংযুক্ত করেছেন। প্রতারণা করে তৈরি করা সনদপত্রে ২০/০৫/২০০৬ইং তারিখে প্রধান শিক্ষকের দেওয়া স্বাক্ষরটিও জাল। মো. পলাশ তালুকদার ওই বিদ্যালয়ের ছাত্র ছিলেন না মর্মে বর্তমান প্রধান শিক্ষক আবদুল জলিল হাওলাদার প্রত্যয়নপত্র প্রদানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির বলেন, আমি নলছিটি পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নলছিটি উপজেলা নির্বাচন অফিসারের কাছেও এ বিষয়ে অভিযোগ দাখিল করেছি। কিন্তু তাদের কাছ থেকে কোনো সুরাহা না পেয়ে সমস্ত তথ্যপ্রমাণসহ পলাশ তালুকদারের নির্বাচনী গেজেট বাতিল ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গত ২১ মার্চ ঝালকাঠি যুগ্ম জেলা জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে নবনির্বাচিত কাউন্সিলর পলাশ তালুকদার বলেন, যেহেতু ঝালকাঠি যুগ্ম জেলা জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আদালতের মাধ্যমেই এ বিষয়টির ফয়সালা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত