গাজীপুরের কালিয়াকৈরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা ৫টি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী হাফিজুল আমিন এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কুটবাড়ী ও জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। ফসলি জমির পাশে কাঠ পোড়ানোর অবৈধ চুল্লি করায় ওই এলাকার গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া আবাদি জমিতেও চাষ করা যাচ্ছে না। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মারাত্মকভাবে। এলাকাবাসী অনেক দিন ধরেই কয়লা তৈরির চুল্লির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে স্থানীয় প্রশাসনের কাছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও কালিয়াকৈর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
