সোনারগাঁয়ে হেফাজত নেতা মামুনুল হককে আটকের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে দফায় দফায় বিক্ষোভ করেন হেফাজত অনুসারীরা।
এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে থানায় হামলা ও থানায় ইট-পাটকেল নিক্ষেপ ও বাজারে ভাঙচুর চালানো হয়। এতে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ‘আটক’ হয়েছেন এমন খবরে সুনামগঞ্জের ছাতক পৌর শহরে প্রচার হলে রাত নয়টার দিকে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন তার অনুসারীরা।
পরে মিছিলগুলো একত্র হয়ে থানার সামনে যায়। একপর্যায়ে মিছিল থাকা লোকজন থানায় ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলো ও রাবার বুলেট ছুড়ে। এ সময় ইট-পাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হন।
এ ছাড়া বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে কিছু ভাঙচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাত সাড়ে দশটা পর্যন্ত ছাতক পৌর শহরে বিক্ষোভ চলছিল। এ ঘটনায় কিছু বিক্ষোভকারীও আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।
ছাতক থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, রাত নয়টার দিকে শহরে কয়েকটি মিছিল বের হয়। একপর্যায়ে মিছিল থানার সামনে যায়। এরপর মিছিল থেকে থানায় ইট-পাটকেল ছুড়তে থাকে লোকজন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকাগুলো ও রাবার বুলেট ছুড়ে। এ সময় ইট-পাটকেলের আঘাতে ৭জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরাও চিকিৎসা নিচ্ছেন।
