বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিবের দায়িত্ব থেকে মারুফ কামাল খান সোহেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ–সংক্রান্ত একটি চিঠি সোমবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের দপ্তরে পাঠানো হয়েছে। সোমবারই চিঠিটি মারুফ কামাল খানের কাছে পাঠানো হবে বলে বিএনপি সূত্র জানায়।
দলটির দপ্তরের দায়িত্বে থাকা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, প্রেস সচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি অব্যাহতি পত্র গুলশান অফিসে পাঠিয়েছি।
তিনি বলেন, ২০১৮ সাল থেকে মারুফ কামাল খান নিষ্ক্রিয়। তিনি তার কর্মস্থলে আসছেন না। প্রেস সচিবের পদ ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দায়িত্বে পালনে অবহেলা করছেন। এ জন্য স্থায়ী কমিটির বৈঠকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বে ছিলেন।
