টাঙ্গাইলের সখীপুরে ঘরে সিঁধ কেটে চুরি যাওয়া জুনায়েদ নামে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধারের পর তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত দুই নারীসহ চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো সখীপুর উপজেলার শোলা প্রতিমা গ্রামের শফিকুল ইসলাম (৩৫), বাসাইল উপজেলার হাবলা গ্রামের পরাণ খান (৪২), তার স্ত্রী শিউলী আক্তার (৩২) ও দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আকরাম খানের স্ত্রী (পরাণের বোন) রওশন আরা বেগম (৪০)।
টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার সিরাজ আমিন জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গতকাল ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা এলাকার ট্রাকচালক আছরউদ্দিনের ঘরে সিঁধ কেটে তার দুই মাসের শিশুকে চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত শুক্রবার শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
