নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ জানানো হয়।
স্থগিতাদেশে বলা হয়, গত ২৫ মার্চ গঠন হওয়া উপজেলা ছাত্রদলের ২১ সদস্য কমিটির কোনো কার্যকারিতা দৃশ্যমান না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, ২৫ মার্চ গঠন হওয়া উপজেলা ছাত্রদলের ২১ সদস্য কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগ নেতাকে পদায়ন করায় কদিন আগে কমিটিতে থাকা ১৩ জন ছাত্রদল নেতা তিন দিনের আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেন। পরে গত ৪ এপ্রিল কমিটির ১৩ সদস্য পদত্যাগ করেন। এছাড়া তারা কাফনের কাপড় পরে মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অন্যদিকে, ৪ এপ্রিল উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা সংবাদ সম্মেলন করেন।
