কলকাতার ব্যাটিং অর্ডারে তিনে সাকিবকে পছন্দ ভোগলের

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০২:০১ এএম

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন নম্বরে সবচেয়ে বেশি কার্যকর হবেন সাকিব আল হাসান।

বাংলাদেশি অলরাউন্ডারকে তিনে খেলালে কলকাতা প্লে-অফ খেলতে পারবে বলেও মত তার।

ভোগলের মতে, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। তাই সাকিবের ব্যাটিং আইপিএলে কলকাতার জন্য বড় উপকারী হবে।

ক্রিকবাজের একটি অনুষ্ঠানে ভোগলে বলেন, ‘কলকাতার ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনের জন্য একজন উপযুক্ত ব্যাটসম্যান সাকিব। বিশ্বকাপে তিন নম্বরে খেলে দুর্দান্ত পারফরমেন্স করেছে সে। সে তিন নম্বরে খেললে চার, পাঁচ এবং ছয় নম্বর পজিশনের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে। ব্যাটিংয়ে নিজের সামর্থ্য ইতোমধ্যে দেখিয়েছে সাকিব। তাই আমার মতে দলের জন্য, সাকিবকে তিন নম্বরেই খেলানো উচিত।’

গেল দুই বছর আইপিএলে প্লে-অফ খেলতে পারেনি বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা। আসছে আসরে প্লে-অফে খেলাই মূল লক্ষ্য দলটির। সেভাবেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে তারা।

ভোগলে বলছেন, ‘আপনি যদি ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকতে চান, সেটাও আপনাকে সাকিব এনে দিতে পারবে। তার উপস্থিতি কলকাতার ব্যাটিংকে আরো শক্তিশালী করবে।’

কলকাতার একাদশে সুযোগ পেতে সাকিব ও সুনিল নারিনের মধ্যে লড়াই হবে। এ ক্ষেত্রে সাকিবকেই এগিয়ে রাখছেন ভোগলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত